আজ থেকে শুরু ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ কার্যক্রম

| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ চালুর লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) থেকে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) দেশের সব উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু করেছে।

প্রথম ধাপে প্রতিটি উপজেলার একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে। পরীক্ষামূলক এই কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে উপজেলার সব ব্লকে তথ্য সংগ্রহ সম্প্রসারণ করা হবে।

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে শনিবার থেকেই মাঠপর্যায়ে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সকল পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে উঠলে ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন আরও সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধাসহ বিভিন্ন সরকারি সেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত