চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৈঠক শেষে সংগঠনটি জানিয়েছে, তাদের প্রধান দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে সরকারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ (জেপি) নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বৈঠক শেষে আশুতোষ রাঙ্কা জানান, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সরকার আরও সময় চেয়েছে বলে জানান তিনি। রাঙ্কার ভাষ্য, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে শনিবার দুপুর পর্যন্ত সময় নিয়েছে সরকার।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা অন্য কোনো সমাধান গ্রহণ করবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরীক্ষা ব্যবস্থা সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি জানান, শনিবার আবারও দুই পক্ষের মধ্যে বৈঠক হবে এবং তখন সরকারের অবস্থান জানানো হবে।
অন্যদিকে, বৈঠকের বিষয়ে অবগত একাধিক সূত্রের দাবি, ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে সরকার আলোচনা করেছে, তবে অন্য দাবিগুলোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত আশ্বাস দেয়নি।