রেকর্ড তাপমাত্রা ও তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অবস্থান করা শক্তিশালী ‘হিট ডোম’-এর কারণে কোটি কোটি মানুষ চরম গরমে দুর্ভোগে পড়েছেন।
গত শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের মধ্যেই দেশটির ২০টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রোববারও ১৪ কোটির বেশি মানুষ তাপপ্রবাহ–সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন।
নিউ জার্সি অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই মধ্য ও উত্তর নিউ জার্সির বাসিন্দা। অনেককে শীতাতপনিয়ন্ত্রণবিহীন বাড়ি, সড়ক, বাড়ির বাইরে এবং পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব মৃত্যু তাপপ্রবাহ–সম্পর্কিত। মৃত ব্যক্তিদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে।
নিউ জার্সির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এটি সাধারণ গ্রীষ্মকালীন তাপপ্রবাহ নয়; বরং এমন পরিস্থিতি দ্রুত সব বয়সী মানুষ ও প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
এদিকে ইলিনয়ের কুক কাউন্টিতে একজন এবং মিসিসিপির হাইন্ডস কাউন্টিতে আরও দুজনের তাপপ্রবাহ–সম্পর্কিত মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে উত্তর দিক থেকে আসা শীতল বাতাসের প্রভাবে নিউ জার্সিসহ পূর্বাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে।