ইরানকে সামরিক চাপ প্রয়োগ করে বশ্যতা স্বীকার করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকার ওপর হামলার অভিযোগ তুলে এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায়, তাহলে তাদের ইরানের সামরিক বাহিনীর সঙ্গেই লড়াই করা উচিত।
ইরানের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, সামরিক লড়াইয়ের পরিবর্তে কেন বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর আঘাত করা হচ্ছে। তাঁর মতে, যুদ্ধের নামে সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনীয়তা ক্ষতিগ্রস্ত করার কোনো যুক্তি নেই।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের মানবিক মূল্যবোধে বিশ্বাসী মনে করে, তাহলে ইরানের সাধারণ মানুষকে পানি, খাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে কেন—এর ব্যাখ্যা দিতে হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাপ, হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। ইরান কোনোভাবেই বশ্যতা স্বীকার করবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।
ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।