যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের সঙ্গে হওয়া সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র একাধিক হামলা চালিয়েছে বলে অভিযোগ তেহরানের। এর জবাবে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে কড়া অবস্থানের কথা জানায় আইআরজিসির নৌবাহিনী।
বিবৃতিতে বলা হয়, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মাধ্যমে অন্য সব জাহাজকে নিরাপদ চলাচলের নির্ধারিত পথ সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ আগের মতোই কার্যকর রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের দুর্বলতা সৃষ্টি হয়নি।
একই বিবৃতিতে মার্কিন ঘাঁটিগুলোর উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে ‘নরকযন্ত্রণা’ ভোগ করবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ফলে সাম্প্রতিক শান্তি প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।