ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিজেদের প্রধান দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সরকারি প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির প্রতিনিধিত্ব করেন মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আশুতোষ রাঙ্কা জানান, টানা ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাদের মূল দাবিগুলো গ্রহণে সম্মত হয়েছে। এ কারণে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
সিজেপির অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও সরকার দিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে সরকার ও সিজেপি উভয় পক্ষই জানিয়েছে, সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আগামী চার সপ্তাহের মধ্যে আবারও বৈঠকে বসা হবে।