রাষ্ট্রপতি নির্বাচন ও কৃষি উন্নয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দলীয় সূত্রে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দলীয় কোনো ব্যক্তি নাকি দলের বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হবে—সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, সংবিধানের বিধান ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে দল।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করেছে, আর বিএনপি দেশ পুনর্গঠন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের শাসনে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমান সরকার সেগুলো পুনর্গঠনের চেষ্টা করছে।

গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্তমানে অনেক কৃষক উৎপাদনের তুলনায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে কৃষিকাজের প্রতি আগ্রহ কমছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষিপণ্য সরাসরি বাজারজাতের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কৃষি গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। তাঁরা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষির আধুনিকায়ন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক বার্ষিক পরিকল্পনা সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত