জামায়াতকে কটাক্ষ করে যা বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে নানা প্রচারণা চালিয়েও জামায়াতে ইসলামী ভোটারদের সমর্থন অর্জনে সফল হয়নি। তাঁর দাবি, শেষ পর্যন্ত জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে।

শনিবার বগুড়ায় ‘উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।

মন্ত্রী বক্তব্যের একপর্যায়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দীর্ঘদিন ইতিহাস বিকৃত করেছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন বর্ণনা দাঁড় করিয়েছে। তাঁর ভাষ্য, অতীত সরকারের নীতির কারণে উত্তরাঞ্চল প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তাঁর বক্তব্যের সময় উপস্থিত জামায়াতের কয়েকজন সংসদ সদস্য আপত্তি জানান। তাঁদের একজন প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের মন্তব্য তাঁরা আগেও বহুবার শুনেছেন এবং নতুন করে তা শুনতে চান না।

বিদ্যুৎ খাতের বিষয়ে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে জাতীয় গ্রিডে আরও ১০ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশজুড়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশে দুর্নীতি ও অর্থপাচার নেই এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উত্তরাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা, অবকাঠামো, বিদ্যুৎ, অর্থনীতি ও আঞ্চলিক বৈষম্য নিয়ে আলোচনা করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত