যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে তাঁর মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা (প্রতি ডলার ১২৩.১২ টাকা হিসেবে)।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তারা জানায়, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এই পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়াকে তাদের জন্য ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ বলেও উল্লেখ করা হয়।
সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল–মুহান্দিসকে হত্যার অভিযানে নিজের ভূমিকার কথা প্রকাশ্যে উল্লেখ করেন বলে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের দাবি, ট্রাম্পের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।