গাজায় শাসনভার ছাড়ল হামাস, বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেবে এনসিএজি

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিনের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে হামাস। সোমবার সংগঠনটি জানায়, বেসামরিক শাসন পরিচালনার দায়িত্ব এখন থেকে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) গ্রহণ করবে।

গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগের আওতায় এনসিএজি গঠন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, সংস্থাটি গাজায় দৈনন্দিন প্রশাসন, সরকারি সেবা এবং বেসামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

হামাসের এ সিদ্ধান্তকে গাজার রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সালের নির্বাচনে জয়লাভের পর ২০০৭ সালে ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস এবং এরপর প্রায় দুই দশক ধরে অঞ্চলটি শাসন করে আসছিল। যুদ্ধবিরতির পর থেকেই সংগঠনটি শাসনভার হস্তান্তরের ইঙ্গিত দিয়ে আসছিল।

হামাসের সরকারি গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা জানান, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহজ করতেই বর্তমান প্রশাসনিক পর্ষদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন অজুহাত দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে গাজার প্রশাসনিক শাসনভার আর হামাসের হাতে থাকবে না।

অন্যদিকে হামাসের ঘোষণার পরপরই ‘বোর্ড অব পিস’ জানায়, এনসিএজি গাজা উপত্যকার সব ধরনের অস্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বও গ্রহণ করবে। সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ‘এক কর্তৃপক্ষ, এক আইন এবং এক অস্ত্র’—এই নীতির ভিত্তিতেই গাজার নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো পরিচালিত হবে। সেই অনুযায়ী সব অস্ত্র এনসিএজির অধীনে একীভূত ও নিয়ন্ত্রিত হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত