গরুর গোশত বহনের সন্দেহে মধ্যপ্রদেশে দুই নারীকে হেনস্তা, পরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলায় গরুর গোশত বহনের সন্দেহে দুই নারীকে স্থানীয় একটি সংগঠনের সদস্যরা হেনস্তা করার পর পুলিশ তাদের আটক করে মামলা করেছে। তবে উদ্ধার হওয়া গোশত গরুর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সামান থানা এলাকার লোহি খালসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, মুসকান খান ও সাবরা খান নামে দুই নারী গোশত বহন করছিলেন। এ সময় গরুর গোশত বহনের সন্দেহে স্থানীয় একটি সংগঠনের সদস্যরা তাদের আটকে দিলে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

পুলিশের দাবি, ঘটনার সময় দুই নারী বহন করা গোশত খালে ফেলে দেন। পরে সেখান থেকে গোশত উদ্ধার করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া গোশত গরুর কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, দুই নারীকে আটক করে প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে। তবে মামলার চূড়ান্ত অগ্রগতি ফরেনসিক পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ পরিস্থিতিতে গুজব বা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রশাসনের ভাষ্য, তদন্ত ও পরীক্ষার ফলাফল প্রকাশের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত