ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’, ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। একই সঙ্গে তিনি ইরানের নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেন, তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কাছে যুদ্ধবিরতি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না। তারা জঘন্য, অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির।’

তিনি আরও দাবি করেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে আর কোনো অগ্রগতি সম্ভব বলে তিনি মনে করেন না এবং এটি ‘সময়ের অপচয়’ হবে। তবে যুক্তরাষ্ট্রের আলোচকরা চাইলে সংলাপ চালিয়ে যেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এই অভিযান ছিল হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জবাব। জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় গত মাসে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। এ ঘটনার পর বিশ্ববাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত