২০ কোটি টাকা মুক্তিপণ দাবি, আবারও প্রাণনাশের হুমকি পেলেন রোহিত শেঠি

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠিকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে তার কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। দাবি পূরণ না হলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেওয়া হয়।

শনিবার সকালে হুমকির ফোন পাওয়ার পরপরই মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে এবং রোহিত শেঠির নিরাপত্তা আরও জোরদার করে।

এর আগেও জুহুতে অবস্থিত রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই হুমকি বলিউডে উদ্বেগের সৃষ্টি করেছে।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ইতোমধ্যে হুমকির ফোনটির উৎস শনাক্তে কল রেকর্ড বিশ্লেষণ করছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই চাঁদাবাজির ঘটনার সঙ্গে কুখ্যাত লরেন্স বিশনই গ্যাং-এর কোনো যোগসূত্র রয়েছে কি না। অতীতে এই গ্যাংয়ের বিরুদ্ধে বলিউডের একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করেনি।

এর আগে রোহিত শেঠির বাড়ির সামনে সশস্ত্র হামলাকারীদের গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার তদন্তে বিভিন্ন রাজ্যে সক্রিয় একটি অপরাধী চক্রের সন্ধান পায় পুলিশ এবং অভিযান চালিয়ে কয়েকজন মূল সন্দেহভাজনকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রও উদ্ধার করে।

সর্বশেষ হুমকির পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোহিত শেঠির জুহুর বাসভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

তবে পুরো ঘটনা নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি নির্মাতা রোহিত শেঠি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত