বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম এবং বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচার শুরু হবে।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে ঐতিহাসিক এই সিরিজ।

সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধারের সংগ্রামকে কেন্দ্র করে। এতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নেতৃত্ব ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজে বিশাল সেট, উন্নত সিনেমাটোগ্রাফি, আকর্ষণীয় যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক ঘটনাগুলো জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, বাংলা ভাষায় সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবনগাথা দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। তিনি জানান, আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে উপস্থাপনের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করবে।

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপহার দেওয়ার ধারাবাহিকতায় এই সিরিজটি আনা হয়েছে। বঙ্গ-এর সঙ্গে যৌথ এই উদ্যোগ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

সংবাদ সম্মেলনে সিরিজটির বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নাগরিক টিভি ও বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত