বলিউডে কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা আমির খান। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন সুখবর। আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
বৃহস্পতিবার মুম্বাইয়ে তাঁর নতুন ছবি ‘প্রীতম অ্যান্ড পেড্রো’–এর বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা বিয়ের খবর নিশ্চিত করেন।
আমির বলেন, “হ্যাঁ, আগামী ৫ জুলাই আমরা বিয়ে করছি। এটি খুবই ছোট একটি পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “এটি আমাদের দুজনের জন্য খুবই বিশেষ একটি দিন। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।”
বিয়ের ঘোষণা দেওয়ার সময় আমিরের পাশে ছিলেন তাঁর বড় ছেলে জুনায়েদ খান। বাবার সুখবরের সময় হাসিমুখে তাঁকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগেও এক সাক্ষাৎকারে জুনায়েদ গৌরী সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে বলেছিলেন, “গৌরী খুবই আন্তরিক ও মিষ্টি একজন মানুষ। বাবার জন্য আমি সত্যিই খুশি।”
২৫ বছরের পরিচয়, পরে প্রেম
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি জানান, তাঁদের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও পরে আবার দেখা হয় এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।
গৌরীকে নিয়ে একাধিক সাক্ষাৎকারে আবেগঘন মন্তব্য করেছেন আমির। তিনি বলেন, “আমি এমন একজন মানুষকে খুঁজছিলাম, যার সঙ্গে শান্তিতে থাকতে পারব। গৌরীর মধ্যে আমি সেই শান্তি খুঁজে পেয়েছি।”
আরেক সাক্ষাৎকারে তাঁর মন্তব্য ছিল, “আমি খুব সৌভাগ্যবান যে গৌরী আমার জীবনে এসেছে। মনে হয়, জীবনের এই পর্যায়ে এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।”
কে এই গৌরী স্প্র্যাট?
বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা ও লাইফস্টাইল–সংশ্লিষ্ট পেশাজীবী। দীর্ঘদিন একটি পরিচিত স্যালন ও বিউটি চেইনের সঙ্গে কাজ করার পর বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। আগের সংসার থেকে তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
গৌরী জানিয়েছেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি ভদ্র, যত্নশীল ও মানবিক। মজার বিষয় হলো, আমিরের প্রেমে পড়লেও তাঁর দেখা আমিরের সিনেমার সংখ্যা খুবই কম। তিনি এখন পর্যন্ত ‘লগান’ ও ‘দিল চাহতা হ্যায়’—এই দুটি ছবিই দেখেছেন।
আমিরের তৃতীয় বিয়ে
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ছেলে আজাদ রাও খান সারোগেসির মাধ্যমে জন্ম নেয়। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলেকে যৌথভাবে বড় করছেন তাঁরা। বিচ্ছেদের পরও রীনা দত্ত ও কিরণ রাও—দুজনের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির।