সরকারের নাম ভাঙিয়ে কিংবা ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে কাউকে ব্যবসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বন্দর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ ও শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করেন তিনি।
আমির খসরু বলেন, কে কার সঙ্গে পরিচিত—এ ধরনের পরিচয় দেখিয়ে ব্যবসা করার সুযোগ এ সরকারের অধীনে থাকবে না। কোনো ধরনের পৃষ্ঠপোষকতার মাধ্যমে কাউকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। ব্যক্তি যত প্রভাবশালীই হোক, এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
চট্টগ্রাম বন্দর পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, বন্দর দেশি কিংবা বিদেশি যে প্রতিষ্ঠানের হাতেই থাকুক, দেশের আইন ও নির্ধারিত নিয়ম মেনে জনগণ, ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং অর্থনীতির স্বার্থে কাজ করতে হবে।
বৈঠকে বন্দর ও কাস্টমসের বিভিন্ন জটিলতা, পণ্য খালাসে দীর্ঘসূত্রতা কমানো, বন্দর ব্যবস্থাপনায় গতি আনা এবং ব্যবসার খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের পাশাপাশি কোন সমস্যা কত সময়ের মধ্যে সমাধান করা হবে, সেটিও নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, বন্দর ও কাস্টমসের মধ্যে একটি যৌথ কমিটি গঠন করা হবে। কমিটি দুই পক্ষের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।
শিল্পকারখানা সচল রাখা এবং ব্যবসার পরিবেশ উন্নত করার বিষয়ে আমির খসরু বলেন, শিল্পকারখানাগুলো যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে এবং উদ্যোক্তারা কোনো অযথা বাধার মুখে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে। একই সঙ্গে ব্যবসার ব্যয় কমিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিরেগুলেশন ও কর ব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর ফলে দেশে বিদেশি বিনিয়োগের আগ্রহও বাড়ছে।
তিনি আরও বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান, রপ্তানি ও শিল্পায়ন বাড়াতে সরকার কাজ করছে। বন্দর ও কাস্টমসের কার্যক্রমে নতুন ধারার সৃষ্টি হলে ব্যবসায়ী, সরকার ও জনগণ—সব পক্ষই উপকৃত হবে।
এদিকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম নিয়ে এডিবির বড় ধরনের পরিকল্পনা রয়েছে। শুধু লজিস্টিক হাব নয়, আগামী দিনে চট্টগ্রামকে দেশের উন্নয়নের অন্যতম অগ্রপথিক হিসেবে গড়ে তোলার বিষয়ে এডিবি আগ্রহী। এ কারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।