দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে রুপার দামেও সামান্য সমন্বয় আনা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনা ও রুপার দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
আগের দামের তুলনায় ২২ ক্যারেটের সোনার ভরি বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম বেড়েছে ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ৬৭৩ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেট মানের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্যই কার্যকর থাকবে।
সংস্থাটি আরও জানায়, সোনার অলংকারের নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। তবে গয়নার নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার অলংকারের ভ্যাট কাঠামো পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ভরি সোনার গয়নার ওপর নির্ধারিত ভ্যাট হবে ২ হাজার ৫০০ টাকা। আগে মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো।
বাজুস আরও জানিয়েছে, অলংকার ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।