ময়মনসিংহে খাট থেকে পড়ে জমা পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে খাট থেকে পড়ে ঘরে জমে থাকা পানিতে ডুবে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরের ব্রাহ্মপল্লী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আয়াস। সে স্থানীয় বাসিন্দা আবির মিয়ার ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে আবির মিয়ার ঘরের মেঝেতে পানি জমে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আয়াস তার মায়ের পাশে খাটে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যান।

এদিকে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বর্ষণে ময়মনসিংহ নগরের অধিকাংশ সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড় ও কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত