প্রত্যাশিত ফল না পেয়ে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রেজাউল করীম বলেন, ফলাফল যা-ই হোক, পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী অভিনন্দনের দাবিদার। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তারা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। কাঙ্ক্ষিত ফল অর্জনকারীদের বিশেষভাবে অভিনন্দন জানিয়ে তিনি তাদের মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই সাফল্যের দিনে তাদের অবদান স্মরণ করা উচিত।

যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, কোনোভাবেই ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড় এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগও অনেক।

তিনি বলেন, একটি পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটি চূড়ান্ত বা শেষ মাইলফলক নয়। ফলাফল প্রত্যাশামতো না হওয়ায় সাময়িকভাবে কষ্ট হতে পারে, তবে সেই কষ্টকে শক্তিতে পরিণত করে কোথায় ঘাটতি ছিল তা খুঁজে বের করতে হবে। এরপর নতুন উদ্যমে পথচলা শুরু করার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, সন্তানদের সাফল্যে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ তৈরি করতে হবে। আর যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা ও আশার পথ দেখাতে হবে।

তিনি বলেন, পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মানদণ্ড নয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে আত্মবিশ্বাস ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত