নয় মামলায় জামিন বহাল, অবশেষে মুক্তি পেলেন খায়রুল হক

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সর্বোচ্চ আদালত থেকে নয়টি মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজুও খায়রুল হকের কারামুক্তির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক বছরে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে করা মোট নয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলাতেই তিনি সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

সর্বশেষ রাজধানীর বনানী থানায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাইকোর্ট থেকে পাওয়া তাঁর জামিন বহাল থাকে। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিতের আবেদন করলেও সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন।

এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ওই দিন রাতেই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় এপ্রিল ও মে মাসে সর্বোচ্চ আদালত থেকে তাঁর জামিন বহাল হয়। তবে এক মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় এতদিন কারাগার থেকে বের হতে পারেননি তিনি। সর্বশেষ মামলাতেও জামিন পাওয়ার পর বুধবার তাঁর মুক্তির পথ তৈরি হয়।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত