টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস, দেশের আট বিভাগে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন উত্তর প্রদেশে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি জোরালো অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারও দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস রয়েছে।

শনিবারও দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা, পাহাড়ধস এবং নিম্নাঞ্চলে সাময়িক বন্যার ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত