টানা ভারী বর্ষণে জলাবদ্ধতার কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর-জানালীহাট সেকশনের রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পানিতে ডুবে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
রেল প্রতিমন্ত্রী চট্টগ্রাম স্টেশন থেকে গ্যাংকারে করে ঘটনাস্থলে যান। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। গ্যাংকারে করে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছে তিনি হাঁটুসমান পানি দেখতে পান। এই এলাকাতেই গত সোমবার পানিতে আটকে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। পরে ট্রেনটির যাত্রা বাতিল করা হয় এবং এরপর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে। এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়াও শুরু হয়েছে। রেললাইন উঁচু করা হলে ভবিষ্যতে তিন ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেলেও ট্রেন চলাচলে সমস্যা হবে না।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন স্থানে রেললাইন দুই থেকে তিন ফুট পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এ অভিজ্ঞতার ভিত্তিতেই দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে রেললাইন উঁচু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল প্রতিমন্ত্রী আরও জানান, বৈরী আবহাওয়া ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় আপাতত কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্যও ফেরত দেওয়া হবে।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।