গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে ৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে আগাছা পরিষ্কার করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারেন। ঘটনাটি উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কবরস্থানটিতে আগাছা জন্মে ছিল। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করলে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে মাটি সরিয়ে দেখা যায়, কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।
খবর পেয়ে সেখানে দাফন করা ব্যক্তিদের স্বজনরাও কবরস্থানে ছুটে আসেন। এ সময় কবর খোঁড়ার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায়, অন্তত ৯টি কবর থেকে কঙ্কাল উধাও। এরপর খোঁড়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সাদিক মিয়া বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। আশপাশের আরও কোনো কবর ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ কবরস্থান পরিদর্শন করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কঙ্কাল চুরির অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।