দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, বর্তমানে একটি চাকরির পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে, যা কর্মসংস্থানের সীমিত সুযোগের বাস্তব চিত্র তুলে ধরে।
রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এমনকি অফিস সহকারীর মতো পদেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়ছে। ফলে চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তাঁর মতে, বিদ্যমান পরিস্থিতিতে বেকারত্বের সমস্যা স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়।
এই সংকট মোকাবিলায় সরকার সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি। এর আওতায় ঐতিহ্যবাহী পেশাজীবী, শিল্পী, ক্রীড়াবিদ, তাঁতি, কামার-কুমারসহ বিভিন্ন খাতের মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কৃষি খাতের প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে কৃষিভিত্তিক উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক ছাত্ররাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার ক্ষুদ্র কৃষিঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুর মতো পদক্ষেপ বাস্তবায়ন করেছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গবেষণা ও আবাসন সুবিধা সম্প্রসারণে সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য এবং নবীন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।