বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ছয়জন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা।
বুধবার দুপুরে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধিদল। পরে তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
বিজিবি জানায়, ২০২৫ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কয়েকটি নৌকার জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা ও কারাগারে তাঁদের রাখা হয়।
জেলেদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার নাফ নদীর শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে ২৪ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ জেটিঘাটে আনার পর স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাঁদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষের জীবন ও সম্পদের সুরক্ষাও বাহিনীর অন্যতম দায়িত্ব। মানবিক পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।