রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। তাঁদের মধ্যে মাসুদ রানা র্যাবে কর্মরত একজন সৈনিক। তিনি র্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বনানী থানার ‘এ’ ব্লকের ৪ নম্বর সড়কে খায়ের প্যালেসের সামনে অভিযানটি পরিচালনা করা হয়। ডিবির গুলশান বিভাগের প্রায় ৪৫ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মাসুদ রানাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তের জন্য একজন মেজরের নেতৃত্বে তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী এবং এর আগে তাঁরা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।