৫১ বছর বয়সে ৫ উইকেট, ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হিকস

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বয়স যেন শুধুই একটি সংখ্যা। সেটিই আবার প্রমাণ করলেন আইল অব ম্যানের অফ স্পিনার জোয়ান হিকস। ৫১ বছর ১৭৩ দিন বয়সে ইনিংসে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে মেয়েদের কনটিনেন্টাল কাপে গ্রিসের বিপক্ষে মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট নেন হিকস। তাঁর ঘূর্ণিতে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় গ্রিস। পরে ৮৪ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয় আইল অব ম্যান।

হিকসের এই পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটে ছেলে ও মেয়েদের মিলিয়ে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। ৫০ বছর বয়স পার করার পর ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার এখন তিনি।

এ পথে হিকস ভেঙেছেন প্রায় ৯৬ বছর পুরোনো রেকর্ড। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গার।

১৯৩২ সালে মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন আয়রনমঙ্গার। আন্তর্জাতিক ক্রিকেটে ছেলে ও মেয়েদের মিলিয়ে এতদিন সেটিই ছিল সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

আয়রনমঙ্গারের সেই কীর্তিও ছিল অসাধারণ। মেলবোর্ন টেস্টের একই দিনে দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসেই তিনি পাঁচের বেশি উইকেট নেন। প্রথম ইনিংসে মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন তিনি। দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে ম্যাচটি হারে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন হিকসের দখলে। মজার বিষয়, আয়রনমঙ্গারের সঙ্গে তাঁর ক্যারিয়ারের আরও একটি মিল রয়েছে। আয়রনমঙ্গার ৪৫ বছর বয়সে টেস্ট অভিষেক করেছিলেন, আর হিকসও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ৪৭ বছর বয়সে।

গ্রিসের বিপক্ষে হিকসের ১০ রানে ৫ উইকেট তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। টি-টোয়েন্টিতে এটি তাঁর তৃতীয় পাঁচ উইকেটের কীর্তি।

এর আগে ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে গ্রিস ও মাল্টার বিপক্ষে ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন হিকস। তখন ৪৯ বছর ১৬৮ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তি গড়ার রেকর্ড করেছিলেন তিনি।

দুই বছর পর সেই রেকর্ড নিজেই ছাড়িয়ে গেলেন হিকস। এবার শুধু মেয়েদের ক্রিকেট নয়, ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নিলেন আইল অব ম্যানের এই অভিজ্ঞ স্পিনার।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর

সম্পর্কিত