বগুড়া জেলার গাবতলী ও শিবগঞ্জ উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় দুটির শিক্ষক-কর্মচারীদের প্রচলিত বিধি অনুযায়ী আত্তীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার প্রজ্ঞাপন দুটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির নাম হবে গাবতলী সরকারি উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করে এর নতুন নাম দেওয়া হয়েছে শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে বিদ্যালয় দুটির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।
এতে দীর্ঘদিন ধরে সরকারি হওয়ার অপেক্ষায় থাকা বগুড়ার এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্যবস্থাপনার আওতায় এলো।