২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তাঁর দাবি, ভয় পাওয়ার থাকলে সেটি ফ্রান্সেরই পাওয়া উচিত, কারণ সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে সুবিধা করতে পারেনি তারা।
ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর জয়সূচক গোলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় লা রোজাদের। অন্যদিকে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ফ্রান্স।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল বলেন,
"ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা ওদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি এবং টানা দুবার হারিয়েছি। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপের সেরা দুটি দলই স্পেন ও ফ্রান্স। তাই দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে।"
তিনি আরও বলেন,
"হয়তো বাইরে থেকে মনে হতে পারে আমরা খুব দারুণ ফুটবল খেলছি না। কিন্তু বাস্তবতা হলো, আমাদের বিপক্ষে প্রতিটি দলই রক্ষণাত্মক কৌশল নেয়। এখন পর্যন্ত কোনো দল আমাদের সঙ্গে সমানতালে খেলতে আসেনি।"
ইয়ামালের মতে, শেষ পর্যন্ত ফলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও সেমিফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ফ্রান্সের শক্তি সম্পর্কে তাদের পূর্ণ ধারণা রয়েছে, তবে স্পেনও প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।
দে লা ফুয়েন্তে বলেন,
"এটি একটি কঠিন সেমিফাইনাল হবে। আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী, তবে আমাদের দলেও মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। অতীতে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা তাদের হারিয়েছি। এবারও নিজেদের সেরাটা খেলতে পারলে জয় সম্ভব।"
তিনি আরও বলেন, শক্তি, গতি ও কৌশলের লড়াইয়ে যে দল সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারবে, তারাই ফাইনালের টিকিট পাবে।
উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।