২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করা মিডফিল্ডার জেইডেন অ্যাডামস মারা গেছেন। শনিবার (১১ জুলাই) কেপটাউনে ২৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ম্যাচে মাঠে নামেন অ্যাডামস। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে থেকে ৬১ মিনিট খেলেন তিনি। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথম একাদশে ছিলেন এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বদলি হিসেবে শেষ ১০ মিনিট মাঠে নামেন। সেটিই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নকআউট পর্বে উঠলেও শেষ পর্যন্ত সেখানে অ্যাডামসের আর মাঠে নামা হয়নি।
স্টেলেনবশের যুব একাডেমি থেকে উঠে আসা অ্যাডামস গত বছর যোগ দেন মেমেলোডি সানডাউনসে। জাতীয় দলের জার্সিতে তিনি ৯টি ম্যাচ খেলে দুটি গোল করেন।
অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন (SAFPU) এবং সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (SAFA)।
যৌথ শোকবার্তায় তারা জানায়,
“জেইডেন সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। তিনি গর্ব, সাহস ও দক্ষতার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব এবং পুরো ফুটবল অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজিও শোক প্রকাশ করে বলেন, দেশ একজন প্রতিভাবান ফুটবলারকে হারিয়েছে। তিনি অ্যাডামসের পরিবার, সতীর্থ ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাডামসের অকাল মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।