ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর তাঁর ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, বাবার হত্যার ‘প্রতিশোধ’ অবশ্যই নেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস-এ প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে।’
প্রয়াত বাবাকে উদ্দেশ করে মোজতবা খামেনি বলেন,
‘আমরা শপথ করছি, ওই অপরাধী ও কলঙ্কিত খুনিদের কাছ থেকে আপনার পবিত্র রক্ত এবং এই দুই যুদ্ধের সব শহীদের রক্তের বদলা নেব।’
তিনি আরও দাবি করেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ইরানের কাছে সংরক্ষিত রয়েছে।
বিবৃতিতে তিনি বলেন,
‘ওপর থেকে নিচ পর্যন্ত এই অপরাধীদের সবার নাম জানা এবং নথিভুক্ত আছে। বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শান্তিতে মৃত্যুর যে ইচ্ছা তারা পোষণ করছে, তা পূরণ হবে না।’
তিনি আরও বলেন, প্রতিশোধ কোনো নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতির ওপর নির্ভরশীল নয় এবং ‘খুব শিগগিরই’ এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।
ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন উত্তেজনা
মোজতবা খামেনির এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে।
এদিকে ইসরায়েলি গোয়েন্দা সূত্র দাবি করেছে, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে তারা কিছু তথ্য পেয়েছে। তবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে এখন পর্যন্ত এমন কোনো নতুন বা নির্দিষ্ট ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। যদিও ইরানের কিছু গোষ্ঠীর পক্ষ থেকে এ ধরনের হুমকির বিষয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জনসমক্ষে আসেননি মোজতবা
সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সংঘাতে তিনি নিজেও আহত হয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই বক্তব্য দিয়ে আসছেন এবং এখন পর্যন্ত কোনো ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করেননি।