সিরিয়ার কাছে ৩-০ গোলে হার, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আশা শেষ

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: বাফুফে
ছবি: বাফুফে

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে জেরার্ড জোন্সের দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। ফলে টানা দুই পরাজয়ে বাছাইপর্বের পরের ধাপে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে যুবাদের। আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ।

সিরিয়ার বিপক্ষে শুরু থেকেই বাংলাদেশের খেলায় আক্রমণাত্মক ধার কম ছিল। প্রথমার্ধে একাধিকবার বলের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি আক্রমণে উঠেও সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। তবে সিরিয়ার বেশ কয়েকটি আক্রমণ সামাল দিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

৪৪ মিনিটে গোল করে সিরিয়াকে এগিয়ে দেন বেলাল আল-মুসলি। প্রথমার্ধের যোগ করা সময়ে মারিওস প্রাক্সিতেলেস গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিয়া।

বিরতির পর প্রথম ১৫ থেকে ২০ মিনিট তুলনামূলক গোছানো ফুটবল খেললেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে সিরিয়ার আক্রমণের চাপ অব্যাহত থাকে। ম্যাচ শেষ হওয়ার আগে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-০ করে সিরিয়া।

ম্যাচের পরিসংখ্যানেও দুই দলের পার্থক্য স্পষ্ট। প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল ছিল সিরিয়ার কাছে। তারা বাংলাদেশের গোলমুখে মোট ১৮টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে বাংলাদেশ মাত্র ৩টি শট নিতে পেরেছে এবং এর কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

সিরিয়ার বিপক্ষে এই হার বাংলাদেশের জন্য আরও হতাশার। যুব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত সিরিয়ার বিপক্ষে ছয়বার মাঠে নেমে প্রতিবারই হেরেছে বাংলাদেশ।

এবারের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশসহ ৩২টি দল চূড়ান্ত পর্বে ওঠার লড়াই করছে। দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল পর্বে জায়গা পাবে। আয়োজক হিসেবে চীন সরাসরি মূল পর্বে খেলবে।

উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে সেই দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আগামী রোববারের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে মূলত নিয়মরক্ষার লড়াই।

বিষয়:

এশিয়ান কাপ
এলাকার খবর

সম্পর্কিত