বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। শক্তির বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো।
‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় দুই দল মুখোমুখি হবে।
ব্রাজিলের সাবেক এই তারকা বলেন, তিনি অবশ্যই নিজের দেশকে সমর্থন করবেন। তবে জাপানের সামর্থ্যকে কোনোভাবেই খাটো করে দেখছেন না। তার মতে, জাপান এমন একটি দল, যারা যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম এবং ম্যাচটি দর্শকদের জন্য দারুণ উপভোগ্য হবে।
জিকো আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাপান স্পেন, জার্মানি, ইংল্যান্ড এবং ব্রাজিলের মতো শক্তিশালী দলগুলোকেও হারিয়েছে। তাই ব্রাজিলের বিপক্ষেও তারা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বলে তার বিশ্বাস।
২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাপান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জিকো। তার কোচিংয়েই ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল জাপান। সেই ম্যাচে জাপান ৪-১ গোলে হেরে গেলেও দলটির দীর্ঘমেয়াদি উন্নয়ন তিনি কাছ থেকে দেখেছেন।
জাপানের অগ্রগতির মূল্যায়ন করতে গিয়ে জিকো বলেন, দলটি কৌশলগতভাবে অনেক উন্নতি করেছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। এখন প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে লড়াই করতে হয় এবং পিছিয়ে পড়েও কীভাবে ম্যাচে ফিরে আসতে হয়, তা জাপানি ফুটবলাররা ভালোভাবেই রপ্ত করেছে।
তার মতে, এই মানসিক দৃঢ়তাই ব্রাজিলের বিপক্ষে জাপানের সবচেয়ে বড় শক্তি হতে পারে।