স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি যদি অন্য মন্ত্রণালয়ের পরিবর্তে নিজের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কাজেই বেশি মনোযোগ দিতেন, তাহলে দেশের মানুষ উপকৃত হতো।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দুই খাতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে তিনি নিজের মতামত তুলে ধরেছেন। তার মতে, বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতি অতীতের তুলনায় বেশি উদ্বেগজনক। এ অবস্থায় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর সরকারের বড় ধরনের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রুমিন ফারহানা বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে যে আগ্রহ ও সক্রিয়তা দেখা যায়, একই মনোযোগ যদি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে দিতেন, তাহলে সাধারণ মানুষ তার সুফল পেত।
এ সময় তিনি বিভিন্ন এলাকায় মামলা বাণিজ্যের অভিযোগও উত্থাপন করেন। দাবি করেন, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহি রয়েছে। তাই দায়িত্বশীল ব্যক্তিদের আইন ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করা উচিত।
সড়ক পরিদর্শনকালে রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।