রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরে অংশ নেওয়া প্রতিনিধিদলের অন্যান্য সদস্য।

এর আগে স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া সফর করেন। সেখানে একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন কুয়ালালামপুর থেকে বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।

চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গেও অর্থনৈতিক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত