বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরই অবসরের ঘোষণা দিলেন স্লাভকো ভিনচিচ

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: DNA INDIA
ছবি: DNA INDIA

বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পরই আন্তর্জাতিক রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তাঁর অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ। ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান তিনি।

ফাইনাল শেষে মাঠে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়। এক পর্যায়ে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের গাভিকে ফেলে দিলেও তাঁকে কোনো কার্ড দেখাননি ভিনচিচ। পরে ওই ঘটনার তদন্ত শুরু করে ফিফা।

ফাইনালের আগেই আলোচনায়

বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পাওয়ার ঘোষণা দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ভিনচিচ। পরে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) তাঁকে বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করে।

এ ছাড়া ইতালিয়ান রেফারিদের সংগঠন (এআইএ) তাঁকে বিশ্বকাপ বা ইউরোর সেরা ম্যাচ কর্মকর্তা হিসেবে দেওয়া দ্বিবার্ষিক জুলিও কাম্পানাতি পুরস্কারে ভূষিত করে।

বিশ্বকাপে চার ম্যাচ পরিচালনা

এবারের বিশ্বকাপে ভিনচিচ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন। গ্রুপ পর্বে ব্রাজিল–মরক্কো এবং জর্ডান–আলজেরিয়া ম্যাচ, শেষ ষোলোতে মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ এবং সবশেষে ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি।

মেক্সিকো–ইকুয়েডর ম্যাচে নতুন নিয়ম ভেঙে মুখ ঢেকে কথা বলায় ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখিয়ে আলোচনায় আসেন এই রেফারি।

সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি

২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারি প্যানেলের সদস্য ছিলেন ভিনচিচ। তিনি ইউরো ২০২০ ও ইউরো ২০২৪-এর গুরুত্বপূর্ণ ম্যাচ, ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং আরও অনেক বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

২০২২ কাতার বিশ্বকাপেও দুটি ম্যাচে বাঁশি বাজিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ঐতিহাসিক হারের ম্যাচটিও।

আগে থেকেই ছিল অবসরের পরিকল্পনা

স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ভিনচিচের চলতি মৌসুমটিকে আগেই তাঁর বিদায়ী মৌসুম হিসেবে নির্ধারণ করা হয়েছিল। ফলে বিশ্বকাপ ফাইনালের বিতর্ক বা সমালোচনার কারণে নয়, বরং পূর্বপরিকল্পনা অনুযায়ীই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ রেফারি হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টে যাত্রা শুরু করা ভিনচিচ প্রায় ১৪ বছরের ক্যারিয়ারে উয়েফার শীর্ষ দুই ক্লাব প্রতিযোগিতায় ৭২টি ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ—বিশ্বকাপ ফাইনালে বাঁশি বাজিয়েই তিনি রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত