আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছরের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষা চলাকালে নকল সরবরাহ ও পরীক্ষার্থীদের অসদুপায়ে সহায়তার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ উত্তরের একটি কাগজ পাওয়া যায়। পরে প্রাথমিক তদন্তে পাঁচজন পরীক্ষার্থীকে নকল করতে সহায়তা করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় ওই পাঁচ পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নকলে সহযোগিতার দায়ে শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় প্রশাসন কোনো ছাড় দেবে না। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।