চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল দাদার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল চুরির অভিযোগে নাতিকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন মো. নবী হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ। রোববার রাতে উপজেলার আটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানার হাটপাড়া গ্রামের বাসিন্দা রাবিনের একটি মোবাইল ফোন চুরি হয়। ওই ঘটনার জেরে রোববার রাতে একই গ্রামের রানা (২০) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে ধরে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন।

পরে আটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুকের অফিসে একটি সালিশের আয়োজন করা হয়। সেখানে রানাকে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

নাতির চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে যান দাদা নবী হোসেন। এ সময় উপস্থিত কয়েকজন তাকে লক্ষ্য করেও হামলা চালায়। কিল-ঘুষি ও লাথিতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা জলিলের অভিযোগ, মিথ্যা চুরির অভিযোগ তুলে রানাকে নির্যাতন করা হচ্ছিল। নাতিকে রক্ষা করতে গেলে তার চাচা নবী হোসেনকেও নির্মমভাবে মারধর করা হয়, যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়।

তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুক বলেন, ঘটনাটি তাঁর অফিসের সামনে ঘটলেও তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করেন। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অভিযোগে নাম থাকা বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুকসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত