বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের অধিকাংশ মানুষও ফাইনালে আর্জেন্টিনার পক্ষেই থাকবেন বলে তাঁর বিশ্বাস।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠকে নিজের সমর্থনের কথা জানান নেতানিয়াহু।

বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত দেশটির জাতীয় ফুটবল দলের একটি জার্সি নেতানিয়াহুর হাতে তুলে দেন। পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনান। ওই বার্তায় মিলেই বলেন, নেতানিয়াহু সব সময় আর্জেন্টিনার পাশে থেকেছেন এবং তাঁর সমর্থনে তিনি আনন্দিত।

জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের মিলেই তাঁর একজন সত্যিকারের বন্ধু। তিনি আর্জেন্টিনার প্রতি ইসরায়েলের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন এবং ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা জানান।

পরে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপচারিতায় নেতানিয়াহু বলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক এবং এটি গোপন করার কিছু নেই। তাঁর বিশ্বাস, ইসরায়েলের বেশির ভাগ নাগরিকও ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন করবেন। বক্তব্যের শেষে তিনি স্প্যানিশ ভাষায় বলেন, "ভামোস আর্জেন্টিনা"

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে লড়বে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত