মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দিনের বেশির ভাগ সময় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন এলাকা।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে সোমবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাজধানীর যন্তর মন্তরে জড়ো হন। পরে তারা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে একাধিক নিরাপত্তা ব্যারিকেডে তাদের বাধা দেয় পুলিশ।
নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং অন্যান্য ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করে। সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টি এক জরুরি বার্তায় সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানায়।
দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়,
‘আপনাদের যদি বিভিন্ন স্থানে আটকে দেওয়া হয়, তবুও শান্ত থাকুন এবং অহিংস অবস্থান বজায় রাখুন। আমরা শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারব।’
এর আগে রোববার দিল্লি পুলিশ ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচির অনুমতি বাতিল করে। একই সঙ্গে পুরো এলাকায় ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়।
মেট্রো স্টেশন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
নিরাপত্তাজনিত কারণে দিল্লির গুরুত্বপূর্ণ পাঁচটি মেট্রো স্টেশন—রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়।
এর ফলে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে রাজীব চৌক স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ থাকায় সেখানে দীর্ঘ সময় যাত্রীদের ভিড় দেখা যায়। অনেককে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে হয়।
নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি।