প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও মতবিনিময় বৈঠকে অংশ নিতে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক শুরু হওয়ার কথা। সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অংশ নেওয়া নেতাদের সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এটি সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আয়োজন করা হলেও, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর ভবিষ্যৎ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে।
বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম। এছাড়া যুগপৎ আন্দোলনের আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, আমন্ত্রণপত্রে শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ থাকলেও, নির্বাচন-পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ও ভবিষ্যৎ সমন্বয় নিয়েও আলোচনা হতে পারে বলে তিনি মনে করেন।
বৈঠক উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও যমুনায় প্রবেশ করতে দেখা গেছে।