সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় মুহাম্মদ রাশেদ খাঁনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক থেকে অব্যাহতি নিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি থাকা পর্যন্ত—যেটি আগে ঘটবে—এই পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের পর সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়ার পর বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন। পরে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত