অতীতের মতো সহিংস ও অসহিষ্ণু বিরোধী দলের ভূমিকায় না গিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করতে জামায়াতে ইসলামীর নেতাদের পরামর্শ দিয়েছেন বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা।
সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সম্পাদকদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সম্পাদকরা জামায়াতকে সরকারের বিরোধিতা করতে এবং প্রয়োজন হলে জনগণের দাবি নিয়ে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন। তবে একই সঙ্গে অতীতের বিরোধী দলগুলোর মতো অসহিষ্ণুতা, অস্থিতিশীলতা বা সহিংসতার পথে না যাওয়ার কথাও বলেছেন তারা।
গোলাম পরওয়ার বলেন, জামায়াত মনে করে না যে গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো দূরত্ব রয়েছে। সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময়ও পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর অংশ।
তিনি জানান, সম্পাদকদের পরামর্শের পর জামায়াতের আমির শফিকুর রহমান বিরোধী দলের ভূমিকা সম্পর্কে তাঁদের অবস্থান তুলে ধরেছেন। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি সংকট এবং এর সমাধানে সংসদ ও রাজপথে বিরোধী দলের করণীয় নিয়েও আলোচনা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতের রাজনৈতিক সংস্কৃতির নেতিবাচক দিকগুলো থেকে বের হয়ে ভালো কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করার নীতিতে জামায়াত অটল রয়েছে। সম্পাদকরাও এ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখেছেন।
তিনি বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক বিরোধিতা চালিয়ে যাবে জামায়াত। পাশাপাশি উন্নয়ন বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন ও সংসদীয় নোটিশ গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের প্রতি বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এসব বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরতে সম্পাদকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার দায়িত্ব সরকারেরও রয়েছে।