ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে লালদীঘি লংমার্চ জামায়াত জোটের
ছয় দফা দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি পর্যন্ত লংমার্চ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এ কর্মসূচিতে হাজারো যানবাহনের বহর অংশ নেবে বলে জানিয়েছে জোটটি।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
গোলাম পরওয়ার জানান, ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে জোটের নেতাকর্মীরা জড়ো হবেন। সেখান থেকে লংমার্চ শুরু হয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে যাবে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে লালদীঘিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
পথে অন্তত ছয় থেকে সাতটি স্থানে জোটের শীর্ষ নেতারা পথসভায় বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে লংমার্চে যোগ দেবেন। কর্মসূচিতে ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে পালন করা হবে। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানি এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, লংমার্চের প্রস্তুতি হিসেবে ছয় দফা দাবিতে পোস্টার, লিফলেট ও প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নয়টি জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠকও করা হয়েছে।
কর্মসূচির শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার। ১১-দলীয় জোটের ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির সময়সূচি পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
তিনি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরে আরও তিনটি লংমার্চ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর ও ঢাকা-সিলেট রুটে পৃথক কর্মসূচি পালন করা হবে।
লংমার্চের কারণে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কর্মসূচির কারণে যাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হবে, তাঁদের কাছে তাঁরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছেন।