ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমত ট্রাম্পের বিপক্ষে, সমর্থন ৩১ শতাংশে

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন আরও কমেছে। নতুন রয়টার্স–ইপসোস জরিপ অনুযায়ী, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন।

সোমবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, মার্চে ইরান যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন ছিল ৩৭ শতাংশ। চলতি মাসের শুরুতে তা কমে দাঁড়ায় ৩৪ শতাংশে। এবার আরও কমে ৩১ শতাংশে নেমেছে।

রিপাবলিকানদের মধ্যেও যুদ্ধের প্রতি সমর্থন কমেছে। জরিপে দলটির প্রায় ৬৯ শতাংশ সমর্থক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সমর্থন করেছেন। মার্চে এই হার ছিল ৭৭ শতাংশ।

ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব ট্রাম্পের জনপ্রিয়তার ওপরও পড়ছে। জরিপে টানা দ্বিতীয়বারের মতো মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রতি অনুমোদন জানিয়েছেন। রয়টার্স–ইপসোসের জরিপে তাঁর প্রথম ও দ্বিতীয় মেয়াদের মধ্যে এটি সর্বনিম্ন অনুমোদনের হার।

ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয়। তবে যুদ্ধের প্রভাব নিয়ে মার্কিন নাগরিকদের উদ্বেগ বাড়ছে।

জরিপে ৮৩ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে। চলতি মাসের শুরুতে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন ৮০ শতাংশ উত্তরদাতা।

এদিকে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াও মার্কিন জনগণের ওপর চাপ তৈরি করছে। ইরানের তেল রপ্তানিতে কার্যত অবরোধের প্রভাব হিসেবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রতি গ্যালনে এক ডলারের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জরিপে নিরপেক্ষ ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন ৩৩ শতাংশ এবং রিপাবলিকানদের প্রতি ১৯ শতাংশ পাওয়া গেছে।

রয়টার্স–ইপসোসের এই জরিপে দেশজুড়ে ১ হাজার ২১৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপের মার্জিন অব এরর প্রায় ৩ শতাংশ।

এলাকার খবর

সম্পর্কিত