ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানাল পরিবার

বিনোদন ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সত্য নয় বলে জানিয়েছে তাঁর পরিবার। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন। বুধবার লন্ডন সময় সন্ধ্যায় তাঁর সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি জীবিত আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ইলিয়াস কাঞ্চনের হাতে গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) তাঁর মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার চেয়ে কোনো তথ্য সত্য কি না, তা যাচাই করা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে মৃত্যু, দুর্ঘটনা বা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে পরিবার ও নির্ভরযোগ্য সূত্রের কাছ থেকে নিশ্চিত না হয়ে তথ্য প্রকাশ করা উচিত নয়।

সংগঠনটির নেতারা জানান, একজন জীবিত ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অযথা আতঙ্ক ও মানসিক চাপ তৈরি হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও যাচাই ছাড়া এ ধরনের তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। গত বছরের এপ্রিল থেকে তিনি লন্ডনে চিকিৎসাধীন। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছিল। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। পরে তিনি কেমোথেরাপি ও ওরালথেরাপি নিয়েছেন।

সম্প্রতি ১০ দিনের জন্য দেশে এসেছিলেন এই অভিনেতা। পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিসচার একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। গত সপ্তাহে জামাতার সঙ্গে আবার লন্ডনে ফিরে যান।

পরিবার জানিয়েছে, ইলিয়াস কাঞ্চনের কেমোথেরাপির ধাপ শেষ হয়েছে। পরবর্তী চিকিৎসা নির্ধারণের জন্য বুধবার সিটি স্ক্যান ও এমআরআই করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসাপদ্ধতি ঠিক করবেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত