এ বছর দেশে ৫ কোটির বেশি গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় মানুষকে সুরক্ষা দিতে উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বুধবার বিকেলে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় এলাকার মানুষ। এসব অঞ্চলে ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে ম্যানগ্রোভ বন ও গাছপালার পরিমাণ বাড়ানো জরুরি। পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের ফলে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি জানান, দেশজুড়ে বর্তমানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২ কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, বিভিন্ন প্রজাতির বীজ সংগ্রহ করে সেখান থেকে চারা উৎপাদন করা হচ্ছে। উপকূলীয় এলাকার পরিবেশ ও মাটির উপযোগী হওয়ায় কেওড়া গাছ রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়ন হলে চলতি বছরেই দেশে ৫ কোটির বেশি গাছ লাগানো সম্ভব হবে।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ম্যানগ্রোভ বন ও গাছপালা ঝড়-জলোচ্ছ্বাসের তীব্রতা কমাতে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়ছে। পরিবেশ রক্ষায় তরুণদের এই অংশগ্রহণ ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা ক্যাপ্টেন মো. মেহেদী হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত