শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে সমর্থন করে কি না, ভারতকে স্পষ্ট জানাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভার্চ্যুয়াল অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ ধরনের অংশগ্রহণ ভারত সমর্থন করে কি না, সে বিষয়ে ভারত সরকারকেই পরিষ্কার বক্তব্য দিতে হবে।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার খবর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রধান এবং বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত একজন পলাতক ব্যক্তির বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। তবে ভারত সরকার সম্প্রতি যে অবস্থান জানিয়েছে, তাতে তারা এমন কোনো রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করে না বলে উল্লেখ করেছে। এখন অনলাইন অংশগ্রহণের ক্ষেত্রেও একই অবস্থান বহাল রয়েছে কি না, সেটি ভারত সরকারকেই স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সবসময় চায় দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে আরও এগিয়ে যাক। তবে ভারতের মাটিতে অবস্থান করে যদি কোনো পলাতক ব্যক্তি রাজনৈতিক বক্তব্য দেন বা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্টের উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক হবে না।

ভারতের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অনুষ্ঠানটি ভারত সরকার আয়োজন করছে না। তবে প্রয়োজন হলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হবে।

তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং উভয় দেশই এমন কোনো পরিস্থিতি চায় না, যা পারস্পরিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত