ভারতের মাটিতে শেখ হাসিনা যেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ভূখণ্ড ব্যবহার করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার মতো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ ধরনের কার্যক্রম দুই দেশের ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেছেন।

সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও উঠে আসে। এ সময় হুমায়ুন কবির বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ব্যক্তি যেন রাজনৈতিক প্রচারণা চালাতে বা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশ ভারতের সহযোগিতা কামনা করছে।

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপের বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ নিয়মিত সংলাপ, পারস্পরিক আস্থা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত