শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সোয়াল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন বা অনুমোদন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি আরও বলেন, ওই মঞ্চ থেকে বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা ভারত সরকার সমর্থন করে না।

গত বুধবার নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। অনুষ্ঠানটি নিয়ে বাংলাদেশ সরকার আগে থেকেই ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের রাজধানীতে ওই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় অনুভূতির পরিপন্থী।

এ বিষয়ে শুক্রবারের ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল পুনরায় বলেন, ভারত সরকার আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছিল এবং এখনও সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে। তাঁর ভাষ্য, এটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ ছিল এবং সেখানে দেওয়া বক্তব্যের দায়ভার ভারত সরকারের নয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত